ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি পুত্র নুরুজ্জামান মিন্টু দ্বিতীয় দফায় রিমান্ডে

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি পুত্র নুরুজ্জামান মিন্টু দ্বিতীয় দফায় রিমান্ডে

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামি মিন্টুকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে নুরুজ্জামান মিন্টু ডিবি হেফাজতে রয়েছেন।

তিনি আরো জানান, প্রথম দফায় রিমান্ডে থাকাকালীন মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫)-কে আটক করা হয়। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

নাটোরের কোর্ট পুলিশের পরিদর্শক আসমাউল হক জানান, এর আগে গত ২৭ অক্টোবর বিকেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আসামিকে পুনরায় আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি মুলতবি রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরিহিত সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা শাকিলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর তার মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন