বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন ও নামসর্বস্ব বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উজিরপুর উপজেলা বিএনপি।
এ উপলক্ষে গত সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩০ অক্টোবর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সংশ্লিষ্ট সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নিজ নিজ ইউনিয়নের কনভেনারদের ভোটদান কর্মসূচি চলছিল। এ সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডের প্রার্থিতাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ও তার অনুসারীরা কয়েকজন প্রার্থী ও ভোটারের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটারদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
উজিরপুর উপজেলা বিএনপির দাবি, ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং বিষয়টি প্রত্যক্ষ করার সুযোগও পাননি। এছাড়া পলাশ কুন্ড বিএনপির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন। গত ৫ আগস্টের পূর্বে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন—সে কারণেই তার প্রার্থিতার বিরুদ্ধে অন্য নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণসহ একটি অভিযোগপত্র ইতিমধ্যে উপজেলা বিএনপির দপ্তরে জমা দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংসদ সদস্য বা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতার বক্তব্য, সাক্ষাৎকার বা মতামত গ্রহণ করা হয়নি। কোনো ঘটনার প্রকৃত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে একতরফাভাবে সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। বিশেষ করে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন সংবাদের ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত জরুরি। পাশাপাশি পলাশ কুন্ড ও তার অনুসারীরা এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপি প্রকাশিত ওই সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঘটনার প্রকৃত তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তৃপক্ষের কাছে প্রকাশিত তথ্য পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও যথাযথ ব্যাখ্যা প্রকাশের অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

