কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে মহানগর এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার সমস্ত শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। সোমবার সকালে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় যাচ্ছিল। স্থানীয় বিএনপি নেতা ও অবিভক্ত বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ট্রেনে কাটা পড়ে নিহত রশিদ আহমদ একই ইউনিয়নের পহরচাঁদা দক্ষিণ পাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে ।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারিক সূত্র জানান, সোমবার সকালে বাড়িতে কোরআন তেলাওয়াতের পর রেল লাইন দিয়ে হেঁটে পাশ্ববর্তী মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি মহানগর এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে চাপা দিলে রেললাইনে কাঁটাপড়ে তার সমস্ত শরীর ছিন্নভিন্ন হয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তারা আরো জানায়, নিহত বৃদ্ধ রশিদ আহমদ একজন শ্রবণ প্রতিবন্ধী লোক ছিলেন। ফলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির ট্রেনের হর্ণের শব্দ তার কানে পৌঁছায়নি। যে কারণে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ দিতে হলো বৃদ্ধ রশিদ আহমদকে। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পহরচাঁদা ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

