কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জহুর শেখের ছেলে মোমিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
নিহতের মা আলেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই জেরে সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
—এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

