চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

বিজ্ঞাপন

ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। টানা ১৬ বছরের ফ্যাসীবাদী শাসনের অবসান হওয়ায় শুকরিয়া জানানো হয় আল্লাহর দরবারে। প্রথম ও প্রধান জামাতে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা সাইদ আল নোমানসহ অন্যরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

একই জায়গায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম। এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে নগর জুড়ে কড়া নিরাপত্ত্বা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। নগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি মসজিদের পাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয় টহল ও গোয়েন্দা কার্যক্রম। প্রধান ঈদ জামাতকে ঘিরে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠকে ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্ত্বা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্ত্বা ব্যবস্থা পার হয়ে ঈদের জামাতে অংশ নিতে হয় নগরবাসীকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন