‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে

গোদাগাড়ীতে কারাগারে পাঠানো হলো দুই জুলাই যোদ্ধাকে

 গোদাগাড়ীতে কারাগারে পাঠানো হলো দুই জুলাই যোদ্ধাকে
ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল। ছবি: আমার দেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। আন্দোলনের সময় তাঁদের অংশগ্রহণের একটি ছবিও পাওয়া গেছে।

ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। তাঁদের পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।

বিজ্ঞাপন

গ্রেপ্তার দুজন হলেন- শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন।

শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে তাঁদের আটক করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিল। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।’

গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আনাস বিন কাশেম বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধা ছিলেন ‘শাহামাত ও সাইফ। গতকাল ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে একটি মিছিল হয়। ছাত্রলীগ আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করতে পেরে অন্যায়ভাবে শাহামাত ও সাইফকে অন্যায়ভাবে গ্রেফতার করে মামলা দেওয়া হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত তাদের মুক্তি দাবি করছি।

গ্রেপ্তার শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা।

সাদিকুল ইসলাম বলেন, ‘এখন থানার সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদপান করছিল। তাহলে মদ পানের মামলা দেবে। বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার এত চাপ ছিল যে সে কোনো রাজনীতিই করেনি। আর আমরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াত করেছি। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।’

অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...