ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবার ও স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য।
নলছিটি থানা-পুলিশ সূত্রে জানা যায়, সিরাজ মোল্লার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।’ আসামিকে গ্রেপ্তার এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

