তারা জুলাই গণঅভ্যুত্থানকেও মব বলবে: হাসনাত

তারা জুলাই গণঅভ্যুত্থানকেও মব বলবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো কোনো রাজনীতিক ৩২ নম্বর ভাঙাকে 'মব' বলছেন। কয়দিন পর তারা জুলাই গণঅভ্যুত্থানকেও 'মব' বলবে। শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এসমস্ত কথাবার্তা বলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার দুপুরে যশোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এই মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল এনসিপিকে 'নির্বাচনবিরোধী দল' হিসেবে ট্যাগ দেয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনই নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।’

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগকে এখনো যথাযথ মর্যাদা দেয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সম্মান দেয়ার দাবিতে বহুবার বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

হাসনাত আরো বলেন, এনসিপি আগামী জাতীয় নির্বাচনের আগেই 'জুলাই সনদ' প্রকাশ করবে এবং শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদার আওতায় আনতে কাজ করবে।

এসময় তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ স্থান দিতে হবে এবং শহীদ পরিবারগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন