চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক ও ভ্যানচালক, আহত ২

চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক ও ভ্যানচালক, আহত ২
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোভ্যান

পাবনার চাটমোহরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষক ও ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে চাটমোহর-পাবনা মহাসড়কে মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো দুইজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত নজরুল ইসলাম (৭০) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা হাট গ্রামের মৃত গোলাম ইয়াসিন আলীর ছেলে এবং ভ্যানচালক আব্দুল মোমিন (৩২) শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ।

এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাটমোহর রেলবাজার (অমৃতকুণ্ডা) হাটে যাওয়ার উদ্দেশ্যে মসুর, রসুন ও সরিষাবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যরা। পথে ভাদ্রা বাইপাস এলাকায় পৌঁছালে অটোভ্যানটির শ্যাফট (ধুলা) ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-২০৪১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

চাটমোহর থানার ওসি মোহা. অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন