নরসিংদীর পলাশ উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দল এবং সাধারণ মানুষের কল্যাণেই তাদের রাজনীতি।
বৃহস্পতিবার পলাশ উপজেলার চরসিন্দুর, গজারিয়া ও জিনারদী ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে মুষ্টিমেয় কিছু লোক ধনী হলেও বিপুল সংখ্যক মানুষ দরিদ্র। এই দরিদ্র জনগোষ্ঠীর সেবা ও তাদের ভাগ্য উন্নয়নে কাজ করছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জনগণের অধিকার ও কল্যাণের জন্য।
ড. মঈন খান আরও বলেন, জনগণকে ভালোভাবে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, তিনি ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে রাজনীতিতে আসেননি, বরং মানুষের সেবা ও তাদের দুঃখ-কষ্ট লাঘব করাই তার লক্ষ্য।
তিনি বলেন, “আমি জনগণের জন্য কাজ করে যেতে চাই। তাদের সামান্যতম কষ্ট লাঘব করতে পারলেই আমি সার্থক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার শাকির মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিসার আহমেদ খান, সদস্য সচিব মাসুদ খান, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করেন। এর আগে তিনি জিনারদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তিনটি বকুল ফুলের চারা রোপণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

