দেশের সব শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

দেশের সব শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সব শিক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি মনে করেন, দেশে সব শিক্ষা ব্যবস্থা একই ছাতার নিচে আনা প্রয়োজন এবং সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ সেই উদ্যোগের প্রথম ধাপ। তবে কিছু মানুষের কারণে এ ধরনের ভালো উদ্যোগ বাধাগ্রস্ত হয় বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।

তিনি আরও বলেন,"প্রতিষ্ঠান প্রধানেরা নিজেদের সন্তানদের নিজ প্রতিষ্ঠানে না পড়িয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করান। যদি অন্য স্কুলে ভালো শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনার প্রতিষ্ঠানে কেন নয়?" জেলা স্কুলগুলোতে জেলা প্রশাসক, ইউএনওসহ বিভিন্ন কর্মকর্তার সন্তানদের অধ্যয়ন নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।প্রশ্নফাঁস ঠেকাতে নিজে বিজি প্রেসে গিয়ে পাহারা দিয়েছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন কলেজের কেন্দ্র সচিব এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নকল ও অসদুপায় প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...