"মাহমুদুর রহমান যদি হেরে যান, হারবে বাংলাদেশ; ভূলুণ্ঠিত হবে দেশের স্বাধীনতা, মুছে যাবে আমাদের মানচিত্র"—এই মর্মস্পর্শী আহ্বানে গাজীপুরে অনুষ্ঠিত হলো আমার দেশ প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
রোববার গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আমার দেশ পাঠক মেলা গাজীপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন পাঠক মেলার গাজীপুর শাখার সভাপতি ডা. আলী আকবর পলান।
সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহসভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, আমার দেশ কালীগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক), আমার দেশ শ্রীপুর প্রতিনিধি নুরুল আজিম বাবুল এবং পূবাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলতাব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, "মাহমুদুর রহমান শুধু একটি নাম নয়, তিনি এই দেশের ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক। তিনি আজ একাই একটি প্রতিষ্ঠান।"
মানববন্ধন ও সমাবেশে বক্তারা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, "যে মানুষটি সত্য প্রকাশের অপরাধে জেল খেটেছেন, নিপীড়িত হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি আজও ষড়যন্ত্রের নিশানায়।"
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

