তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও, পদ হারালেন ছাত্রদল নেতা

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও, পদ হারালেন ছাত্রদল নেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন প্রকাশ এস এম নয়নকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) পদও হারানোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন অনেকে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও কলের দৃশ্য ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই চট্টগ্রামের পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এসএম নয়ন ফ্যান’ নামে একটি পেজ থেকে বুধবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে দুটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। একটিতে লেখা হয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। অপরটিতে লেখা হয়েছে, রাজনৈতিক খেলা রাজনীতি দিয়ে খেলুন, ব্যক্তিগত আক্রমণ মানহানির সমান।

এ বিষয়ে পটিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী রিয়াজুল ইসলাম রাজু বলেন, এস এম নয়ন একজন পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব নেতা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভিডিওটি ছড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন