সাত বছর আগে স্বামীকে হারিয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন একমাত্র ছেলে রনি মিয়া। এবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সেই শহীদ রনির মা শাহনাজ বেগম। অর্থাভাবে থমকে যাওয়ার উপক্রম তার চিকিৎসা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সুস্থ হয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশখুর গ্রামের বাসিন্দা শাহনাজ বেগম। স্বামী ও একমাত্র ছেলেকে হারিয়ে বর্তমানে মেয়ে শিল্পী আক্তার রুপাকে নিয়ে কোনোরকমে দিন কাটছে তার। একসময় ছেলে রনির উপার্জনে চলত সংসার। রনি শহীদ হওয়ার পর সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া অনুদানের অর্থে চলছিল মা-মেয়ের জীবনযাপন।
কিন্তু সেই অর্থও এখন শেষ। এরই মধ্যে ব্রেস্ট টিউমারে আক্রান্ত হন শাহনাজ বেগম। চিকিৎসার জন্য তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক ডা. রিফাত শারমিন জ্যোতি তার চিকিৎসা শুরু করেন। ১৪ দিন পর অস্ত্রোপচার করা হলে পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পেছনে ইতিমধ্যে জমানো সব অর্থ ব্যয় হয়ে গেছে। এখন চিকিৎসক তাকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
একদিকে স্বামী ও সন্তান হারানোর শোক, অন্যদিকে নিজের মরণব্যাধির সঙ্গে লড়াই—সব মিলিয়ে অসহায় হয়ে পড়েছেন শাহনাজ বেগম। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তার জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
শাহনাজ বেগমের মেয়ে শিল্পী আক্তার রুপা আমার দেশকে বলেন, “মা অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকলেও সরকারের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি তাকে দেখতে যাননি। টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছি না। আমার মা সবার মতো সুস্থ হয়ে বাঁচতে চান।”
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান ও শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন জোবায়েল বলেন, ‘একজন জুলাই শহীদ জননী চিকিৎসার অভাবে মারা যাবেন, তা মেনে নেওয়া কষ্টকর। তার সুচিকিৎসার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

