শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অর্ধগলিত এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মহর আলী মাদবরকান্দির পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে মাঝিরঘাট নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি একটি মধ্যবয়স্ক নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত থাকায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তার কোনো পরিচয়ও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বদশা শেখ বলেন, 'আমরা সকালে নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেই। লাশটি উপুড় হয়ে ভাসছিল। পুলিশ এসে উদ্ধার করার পর জানতে পারি এটি নারীর লাশ।'
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, "খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। লাশটি একজন নারীর। অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরে পচন ধরায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ধারণা করছি এটি ৪০-৪৫ বছর বয়সী নারীর লাশ হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

