মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৬-এর কাছাকাছি শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় চারজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছিলেন। কিছু সময় পর তারা সেখান থেকে সরে গেলে আর তাদের খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে বিজিবির কঠোর নজরদারি ও অবস্থানের কারণে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি স্থানীয়দের। পরে সীমান্ত এলাকার গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে অবস্থান নেন এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করার আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “ভোরে মেহেরপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির কঠোর অবস্থানের কারণে তা প্রতিহত করা হয়েছে। বর্তমানে সীমান্তে নজরদারি জোরদার রয়েছে।” তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...