ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

ধুনটে পাঁচ কোটি টাকার সড়কের কাজ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিতে থমকে গেছে বগুড়ার ধুনট উপজেলায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নেওয়া সাতটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ। কাজের অগ্রগতি ৭৫ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনসহ স্বাভাবিক যোগাযোগব্যবস্থা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ধুনট উপজেলায় সাতটি সড়ক উন্নয়নকাজ হাতে নেওয়া হয়। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলার চৌকিবাড়ি হয়ে সোনামুখী-নয়া চান্দিয়াড় সড়ক, ঈশ্বরঘাট হয়ে কান্তনগর-বেড়েরবাড়ী ঘাট সড়ক, বেড়েরবাড়ী গ্রামের সড়ক, বুড়িরভিটা স্কুল হয়ে বিলচাপড়ী ঘাট-বেড়েরবাড়ী সড়ক, রুদ্রবাড়িয়া-সাগাটিয়া সড়ক এবং বড়িয়া পাকা সড়ক থেকে নদীর ঘাট সড়ক। প্রকল্প অগ্রগতি প্রতিবেদনে প্রতিটি সড়কের ভৌত অগ্রগতি ৭৫ শতাংশ উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কগুলোর উন্নয়নকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায়, চলাচলে দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও সড়কের আংশিক নির্মাণকাজের কারণে সৃষ্টি হয়েছে গর্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ। কৃষিপণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে।

ঠিকাদাররা জানান, রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে। কার্যাদেশ দেওয়ার সময় নির্ধারিত রেট শিডিউল অনুযায়ী কাজ নেওয়া হলেও বর্তমান বাজারদরে নির্মাণকাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।

এ বিষয়ে ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন