ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ছাত্রশক্তি মহানগরে উদ্যোগে এ কর্মসূচি হয়। মিছিল নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি বলেন, আজকে দুই বছর পেরিয়ে গেল। তারা যে ওই চব্বিশ আন্দোলনে নিঃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, আমাদের প্রায় চৌদ্দশ ভাইবোনকে শহীদ করেছে। আমাদের প্রায় হাজারের অধিক ভাইবোন এখন পর্যন্ত অঙ্গহানি অবস্থায় আহত হয়ে আছে। তাদের যে এই হত্যার বিচার অথবা আমাদের যে ভাইরা আহত হলো, তাদের যে ন্যায় বিচার, তারা এখন পর্যন্ত কোনো ন্যায় বিচার পায়নি।
তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সেই সঙ্গে আওয়ামী সন্ত্রাসী যারা ছিল, যারা জুলাই আন্দোলনে আমাদের উপর হামলা চালিয়েছে এবং শুধুমাত্র জুলাই আন্দোলন না যারা সত্তরটি বছর এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে তাদের যেন এই দেশের মাটিতে শাস্তি নিশ্চিত হয় এবং বাংলাদেশের মানুষ যাতে তাদের শাস্তি দেখে।
জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার পালানো দুই বছর হয়ে গেল। আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল এবং জনগণের প্রতি যারা অবিচার করেছে, যারা অন্যায় করেছে আমরা দেখেছি তারা এখনো খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং তারা নির্দ্বিধায় নিজেদের জীবন উপভোগ করছে। আমরা চাই যে আমাদের ফ্যাসিস্ট হাসিনা ফাঁসি হোক এবং এছাড়াও আওয়ামী লীগের সে সময় যারা সংশ্লিষ্ট যারা ছিল তাদেরও বিচার হোক।
এসময় বক্তব্য দেন- জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের মূখ্য সংগঠক আদনান সামির, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা পেছানো না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

