বিনা অনুমতিতে অনুপস্থিত এবং দেশের বাইরে অবস্থান করায় বরখাস্ত হতে পারেন বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও তার দায়িত্ব পালন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। দেশে ফিরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চাইলেও উপজেলা নির্বাহী অফিসার তাকে বারণ করেছেন। ফলে প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান যথারীতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। যদিও জোর করে স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু বলেন, আমাকে বরখাস্ত করা হয়নি। তিনি বলেন, আমি মেয়ের বিয়ে উপলক্ষে অনুমতি ছাড়া কানাডা চলে যাই। এজন্য সরকার আমাকে যে শাস্তি দেবে তা মেনে নিতে বাধ্য। দেশে আসার পর আমি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
এদিকে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন। একিই সঙ্গে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেন। সচিব বরাবর পাঠানো পত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (জ) ধারা মোতাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ আইন অনুযায়ী, কোনো চেয়ারম্যান বা সদস্যের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত অথবা চূড়ান্তভাবে অপসারণ করা যায়।
চেয়ারম্যান আহবাবুর গত ১৮ মার্চ কাউকে না জানিয়ে দেশ ছাড়েন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত এ চেয়ারম্যান সিলেট জেলা নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, আইন না মেনে চেয়ারম্যান অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। ইউএনও তাকে দায়িত্ব পালনে বারণ করলেও তিনি নিজ থেকে কাগজপত্রে সই-স্বাক্ষর করতে চাইছেন। তার আচরণ অনেকটা জোর করে দায়িত্ব পালন করার মতো। এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

