মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার দুপুরে জগদীশপুর বেলঘর বাসস্ট্যান্ড সেতুর ওপর স্থাপিত চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন রংপুর জেলার আলোয়াকরি গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৩৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি মাধবপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা ২০ মিনিটে জগদীশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি নীল-হলুদ রঙের পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ চালককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন র‌্যাবকে জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন