নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির এসপি ও জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩৮টি বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার গভীর রাতে বগুড়ার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈম হোসেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ সুপার জানান, গত ২৫ মে এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীকে ফোন করেন। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ীর ওষুধ সেবন করে এক শিশুর মৃত্যু হয়েছে এবং মামলা এড়াতে পাঁচ লাখ টাকা দিতে হবে। পরে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২০ হাজার ৩০০ টাকা আদায় করে।
এছাড়া গত ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি ‘জাহিদ’ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন করেন। তিনি অভিযোগ করেন, তার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন হচ্ছে এবং মামলা এড়াতে ৪০ হাজার টাকা দাবি করেন।
এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নাঈম হোসেনকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। তিনি কখনো ওসি, কখনো এসপি, ডিসি কিংবা রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে প্রতারণা করতেন।
পুলিশ সুপার আরও জানান, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

