‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না। তাদেরকে জনগণের সেবক হয়ে সেবা দিতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে’।
এলাকাবাসীর কাঙ্খিত এসব দাবির পক্ষে কথা বলেছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী এনসিপি নেতা এমপি ড. আতিক মুজাহিদ।
তিনি সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলায় সফরে এসে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন।
এমপি ড. আতিক মুজাহিদ বলেন, আমি কোনো দলের এমপি নই। আমি জনগণের এমপি হিসেবে ফুলবাড়ী, রাজারহাট তথা কুড়িগ্রামের মানুষের সমস্যা, সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমার স্বপ্ন, আমার কাজ হচ্ছে পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাকে এগিয়ে নেওয়া।
ড. আতিক মুজাহিদ আরও বলেন, ফুলবাড়ী উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবর্গ ও প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। এ সময় সকলকে তার সঙ্গে আলোচনা করার আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা সহকারী ভূমি কমিশনার আনোয়ার হোসাইনসহ শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, মৎস্য, বিদ্যুৎ, তথ্য, যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের সমস্যা-সম্ভাবনা কথা তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মুকুল মিয়া, ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়ক নাজমুল ফেরদৌস লাভলু, জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, সিক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

