সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় তিনটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ তথ্যটি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, জেলার গোদাগাড়ী উপজেলার গঞ্জেশীবপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন, ফরিদপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাতন আজমপুর গ্রামের আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক এবং একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মো. আশিক।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে আটক করা হয়।
অপরদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালান র্যাব সদস্যরা। রাত ১টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মানিকুর রহমান মানিক ও মো. আশিক নামের দুই যুবককে আটক করা হয়।
২০১১ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। পৃথক এই তিনটি মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের এই আদেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

