শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কোনো বাড়িওয়ালা ঘরভাড়া বৃদ্ধি করতে পারবেন না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ বাড়িভাড়া বৃদ্ধি করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
মীর শাহে আলম বলেন, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বাড়ানো নিয়ে সমঝোতা হচ্ছে। তাই কোনো বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে ঘরভাড়া বাড়াতে পারবেন না।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে যারা নাশকতা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে। এ আন্দোলনের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে।
এ ধরনের অপরাধীরা কোনো ধরনের সহানুভূতি পাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসবে। অপরাধ করে কেউ পার পেয়ে যাবে, তা হবে না। অপরাধীকে শাস্তি পেতেই হবে।
সভায় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

