কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে ১৩টি বিস্ফোরক গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধারের পর বিস্ফোরকগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিম আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক রোববার (২২ নভেম্বর) রাতে গ্রেনেড উদ্ধার ও ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি জানতে পারে, টেকনাফের দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এর সাব ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে পাকা সড়কে একটি ইজিবাইকে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সেখানে অভিযান চালায়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুবেল ও অজ্ঞাতনামা ৩-৪ জন ইজিবাইকের পেছনে যাত্রী বসার স্থানে একটি পুরাতন সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে ইজিবাইকের পেছন থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।
এসআরবির তথ্যমতে, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—৭টি গ্রেনেড (মডেল ও লট নম্বর অস্পষ্ট, পুরাতন স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে রাখা), ৬টি এজিএল গ্রেনেড (পুরাতন পলিথিনে রাখা), ৭৬ রাউন্ড এমজি গুলি (দুটি পুরাতন স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে যথাক্রমে ৫০ ও ২৬ রাউন্ড), একটি খালি ম্যাগাজিন (কালো রঙের পুরাতন প্লাস্টিকের) এবং একটি পুরাতন ব্যাটারিচালিত ইজিবাইক।
আ. ম. ফারুক আরও জানান, উদ্ধার করা গ্রেনেড ও এজিএল গ্রেনেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দাহ্য বিস্ফোরক হওয়ায় পরিবহন বা সংরক্ষণে জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। এ কারণে বিস্ফোরকগুলো ধ্বংসের অনুমতি চেয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আদালত-৫) আবেদন করা হয়। আদালত গত শনিবার (২১ নভেম্বর) সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে বিস্ফোরক ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশনা ও ক্ষমতাপত্র দেন।
পরদিন রোববার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল টেকনাফের শিলখালী এলাকার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

