পরিবার হারানো ফিলিস্তিনি শিশুদের আকুতি

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

গাজায় ইসরাইলি হামলায় পরিবারের সব সদস্যকে হারিয়ে এতিম হওয়া শিশুরা নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। সুরক্ষা, শিক্ষা ও পর্যাপ্ত যত্নের দাবিতে শনিবার (২১ নভেম্বর) ধ্বংসস্তূপের মধ্যে জড়ো হয় এসব শিশু। বিশ্ব শিশু দিবসের এক দিন পর তারা এ কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ‘যন্ত্রণা সত্ত্বেও জীবন আঁকড়ে ধরা ও ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে গাজার ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘হোপ টিম ফর প্রটেক্টিং সোল সারভাইভার্স’ নামের একটি সংগঠনের শিশুরা এতে অংশ নেয়। তারা ইসরাইলি হামলায় পরিবারের সদস্যদের হারানোর ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে এবং নিজেদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়।

অনুষ্ঠানে উঠে আসে আয়লা ওসামা আবু দাক্কার মর্মান্তিক গল্প। ইসরাইলি হামলায় পরিবারের ১৩ সদস্য নিহত হলেও প্রাণে বেঁচে যায় শিশুটি। বর্তমানে তার আইনগত অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন দাদি।

দাদি জানান, ২০২৫ সালের রমজান মাসে তাদের বাড়িতে বোমা হামলা চালানো হয়। তখন আয়লার বয়স ছিল মাত্র ২৪ দিন। হামলার পর বাড়ির ধ্বংসস্তূপের নিচে পাঁচ ঘণ্টা আটকে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়।

৬৪ বছর বয়সী দাদি আয়লার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তার স্বামীর বয়স ৬৭ বছর। তারা দুজনই আশঙ্কা করছেন, তাদের মৃত্যুর পর শিশুটির দেখাশোনা করার মতো কেউ থাকবে না।

আয়লার শিক্ষা, আবাসন ও দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সালমা আবদুল্লাহ আল-আক্কাদ নামের আরেক শিশুও তার পরিবারের সদস্যদের হারানোর অভিজ্ঞতা তুলে ধরে। ইসরাইলি হামলায় সে তার মা ও পরিবারের অন্য সদস্যদের হারিয়েছে।

সালমা জানায়, মায়ের সহযোগিতা না থাকায় এখন পড়াশোনা চালিয়ে যেতে তাকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার সুরক্ষা, মানসিক যত্ন এবং পড়াশোনায় সহযোগিতার জন্য একজন দায়িত্বশীল মানুষের প্রয়োজন বলেও জানায় সে।

গাজার শিশুদের অভিজ্ঞতা ও দুর্দশার কথা শোনার পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সালমা।

অনুষ্ঠানে নুর আল-হায়াত উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাফা সাহওয়ানও বক্তব্য দেন। তিনি বলেন, ইসরাইলি হামলায় পরিবারের সব সদস্যকে হারিয়ে যারা একা বেঁচে আছে, তাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

গাজার এসব শিশুর প্রয়োজনীয় সুরক্ষা, পরিচর্যা ও সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের আরো বেশি মনোযোগ ও উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...