ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের মৃত্যু

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুরের মৃত্যু
নিহত মোহাম্মদ হানিফ। ছবি: আমার দেশ

ফেনীতে মাদক কারবারিদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার তিনি মারা যান। নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে। এ ঘটনায় পুলিশ রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, হানিফ মেয়ের বিয়ের খরচের জন্য ২০ হাজার টাকা ঘরের আলমারির মধ্যে রেখেছিলেন। তার ছেলে বখাটে মেহেরাজ স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে মিলে ওই টাকা চুরি করে নিয়ে খরচ করে ফেলে। এ বিষয়ে নিজের ছেলেকে শাসনের পাশাপাশি স্থানীয় মাদক কারবারিদের তার ছেলের সঙ্গে মিশতে নিষেধ করেন। এতে মাদক কারবারিরা ক্ষুব্ধ হয়।

বিজ্ঞাপন

গত ৯ অক্টোবর জুমার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা মাদক কারবারি বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী মো. শুভ এবং রিয়াদসহ চার-পাঁচ জন মিলে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হানিফকে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হানিফ ।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন