কুমিল্লায় কাঁচাবাজারে সব সবজির দামে সেঞ্চুরি, নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস

কুমিল্লায় কাঁচাবাজারে সব সবজির দামে সেঞ্চুরি, নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস
ছবি: আমার দেশ

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অধিকাংশ সবজি এখন ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

বিজ্ঞাপন

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির কারণে গোমতী চরসহ খেত ও কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। সরবরাহ সংকট, জমির ফসল নষ্ট হওয়া এবং সময়মতো সংগ্রহ ও বাজারে পাঠাতে না পারায় সরবরাহ কমে গেছে, যার কারণে দাম বেড়ে গেছে।

টানা বৃষ্টির কারণে কুমিল্লার বিভিন্ন এলাকার কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম সেঞ্চুরির কোঠায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়। সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার সকালে কুমিল্লা বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, নগরীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলার দাম ১৫০ থেকে ১৬০ টাকা, ঢ্যাঁড়শ ১২০ টাকা, ঝিঙা ১৩০ টাকা, চিচিঙ্গা ১১০ থেকে ১২০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ১৩০, কাঁকরোল ১২০, শসা ১৩০, টমেটো ১৪০, লম্বা বেগুন ১২০, গোল বেগুন ১৬০, কাঁচা মরিচ ৪০০ টাকা ।

কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। লাউ এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

কাঁচা মরিচের দামও বেড়েছে। কয়েক দিন আগে এক কেজি কাঁচা মরিচ ১২০ টাকায় কেনা যেত। বর্তমানে প্রতি কেজি সাধারণ মানের কাঁচা মরিচ ৪০০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। কাঁকরোল ৯০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আবারও কমতে শুরু করবে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে দামের চাপ আরও বাড়তে পারে।

ক্রেতারা বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছি, এখন সেটি ১০০ থেকে ১৫০ টাকার উপরে। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ।

১০ বছর ধরে নগরীর রাজগঞ্জ বাজারে সবজি বিক্রি করছেন লিটন মিয়া । তিনি জানান, কৃষকরা সবজি বাজারে তুলছে না, এজন্য চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। আমরা বেশি দাম দিয়ে কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে ।

রাজগঞ্জ বাজার ব্যবসায়ী লিমন মিয়া আমার দেশকে বলেন, পাইকারি বাজারে দাম বেশি এজন্য আমাদের বেশি বিক্রি করতে হচ্ছে। এভাবে আরো কয়েক দিন টানা বৃষ্টি থাকলে সবজির দাম আরো কেজিতে ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পাবে ।

নগরীর বাদশা মিয়ার কাঁচাবাজারে সবজি কিনতে এসেছেন রিকশা চালক মনির হোসেন। তিনি বলেন, বাজার ঘুরে সবজির দাম দেখে কিনার স্বাদ মিটে গেছে। আলু আর ডিম কিনে বাসায় চলে যাচ্ছি। একশ টাকার নিচে কোন তরকারী নেই।

বাজারের সবজির দাম প্রতি কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে এই বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক কাউছার মিয়া আমার দেশকে বলেন, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম যার কারণে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। নগরীর বিভিন্ন কাঁচাবাজারে আমরা পরিদর্শন করেছি কেউ অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করলে আমরা ব্যবস্থা নিচ্ছি ।

নগরীর বিভিন্ন বাজারের সবজি বিক্রেতারা বলছেন বৃষ্টিপাত বন্ধ না হলে সবজির দাম কমার সম্ভাবনা খুবই কম ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন