চকরিয়ায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

বন্যা-পরবর্তী পুনর্বাসনই সরকারের প্রধান লক্ষ্য

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

বন্যা-পরবর্তী পুনর্বাসনই সরকারের প্রধান লক্ষ্য
ছবি: আমার দেশ

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বন্যা পরবর্তী পুনর্বাসনই এখন সরকারের প্রধান লক্ষ্য। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।

নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একই সঙ্গে কৃষি,গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পরবর্তী তিনি এসব কথা বলেন। এরআগে টানা ৯ দিনের প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে,বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেওয়া হবে না। পাহাড় খেকোরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও সুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মো.আ. মান্নান,পুলিশ সুপার সাজিদুর রহমান,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দেসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন