চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

চক্রান্তকারীরা চায় না কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নিতে হবে। তবে কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক বা স্বাবলম্বী হয়ে টিকে থাকুক, চক্রান্তকারীরা তা মন থেকে চায় না।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে টঙ্গীর হোন্ডা রোডে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ ‘বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড’-এর আধুনিকায়ন ও নতুন আঙ্গিকে নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য দেন এবং আনুষ্ঠানিকভাবে কারখানার নতুন বাণিজ্যিক যাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড কারখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৬ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। বর্তমানে কারখানাটিকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে কোনো অশুভ শক্তি এর উৎপাদন ব্যাহত করতে না পারে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন