আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় মোটর শ্রমিকের দুই নেতাকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ

বগুড়া অফিস

বগুড়ায় মোটর শ্রমিকের দুই নেতাকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ

বগুড়ায় নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের বাকবিতণ্ডা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হওয়ার প্রতিবাদে আন্ত:সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস,ট্রাক চলাচল করছে। পুলিশ ১ জনকে আটক করেছে।

বিজ্ঞাপন

বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। এরা দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন।

বুধবার সকাল থেকেই সমগ্র বগুড়া জেলায় পূর্ব ঘোষণা ছাড়ায় ধর্মঘটের ডাক দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। তারা বগুড়া শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে। তিনমাথা রেলগেট, চারমাথা, মাটিডালী বিমানমোড়, সাবগ্রাম ২য় বাইপাস সড়কে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা রাস্তায় নেমে অবরোধ করেছে। এতে করে ঢাকার সাথে বগুড়া সহ উত্তরাঞ্চলের যানচলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। অপরদিকে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সকাল আনুমানিক সাড়ে ১০টায় বগুড়া সাতমাথার সন্নিকটে মোটর শ্রমিক অফিসের পাশের ফলের দোকানে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। এসময় গণমাধ্যমকর্মীরা ভিডিও করতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় বগুড়ায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, মিতালী পাম্পের সামনে নারিকেলের ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনেই সিএনজি চালকেরা তাদের সিএনজি স্ট্যান্ড করে সেখান থেকে যাত্রী উঠানো-নামানোর কাজ করেন। দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে চালকদের সাথে বিকালে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দোকানদার তাদের মারতে গেলে চালকেরা শ্রমিক নেতাদের মুঠোফোন দিয়ে সেখানে ডেকে নেয়।

আহত হযরত আলী বলেন, 'মুঠোফোনে খবর পেয়ে আমি ও আনোয়ার হোসেন রানা ঘটনাস্থলে যাই। তখন নারিকেল ব্যবসায়ীসহ কয়েকজন বহিরাগতরা আমাদের তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে। আমাকে কিল ঘুষি, লাত্থি ও চর থাপ্পড় মারে এবং আমার সাথে থাকা আনোয়ার হোসেন রানাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।'

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন আমার দেশকে বলেন, নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের বাকবিতণ্ডায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন