মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন বাবা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘাতক পিতার নাম মোহাম্মদ আলী ও নিহত ছেলে আনোয়ার হোসেন (২৫)। গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের তাদের বাড়ি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, ৫/৭বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে আসলে কোন কাজ কর্ম করতো না আনোয়ার হোসেন। সে বাবার জমানো ৮ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে খরচ করে ফেলে। ফের বাবার কাছো টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়,এনিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। পুকুরে চাষ করা মাছ বাবার অজান্তেই বিক্রি করে ফেলে ছেলে আনোয়ার। এ ঘটনার পর থেকেই বাবার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

মঙ্গলবার বিকেলে গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে আনোয়ার হোসেন। এসময় পিতা মোহাম্মদ আলী গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতেই রাগে ক্ষোভে মঙ্গলবার রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে মোহাম্মদ আলী নিজেই থানায় এসে পুলিশে জানায়। পরে পুলিশ বাবাকে হেফাজতে নেয়।

এঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে । পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন