আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে সুজন নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোটার, গাজীপুর

গাজীপুরে সুজন নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছবি: আমার দেশ

গাজীপুরে সুজনের নেতা কামরুজ্জামান মোল্লা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্মারকলিপি প্রদান করা হয়েছে জেলা প্রশাসক বরাবর।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা কমিটির সহসভাপতি ও সমাজসেবক কামরুজ্জামান মোল্লার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুংগঠনটির গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, কামরুজ্জামান মোল্লা ছিলেন একজন সৎ, সজ্জন ও প্রগতিশীল চিন্তার মানুষ। তিনি দীর্ঘদিন ধরে নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। এমন একজন সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতার নৃশংস হত্যাকাণ্ড শুধু তার পরিবারের জন্য নয়, বরং সমগ্র সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।

বক্তারা আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ছে। ফলে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

তারা অবিলম্বে কামরুজ্জামান মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে গাজীপুরের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া সুজন গাজীপুর জেলা শাখার নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং সচেতন নাগরিকেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন