নাটোরে সার্জিস আলম

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

জেলা প্রতিনিধি, নাটোর

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান করছি।

শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু হয়েছে। যারা চাঁদাবাজি ও দখলের রাজনীতির সঙ্গে জড়িত, আগামী দিনের সব নির্বাচনে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না।

সার্জিস আলম বলেন, “বাবা-দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছেন বলে আমাদেরও সেই দল বা প্রতীকে ভোট দিতে হবে—এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে থাকবো।”

তিনি আরও বলেন, “আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা মাথা পেতে তা গ্রহণ করবো।”

জাতীয় সংসদের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে সার্জিস আলম বলেন, “আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সঙ্গে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে। তাই কাউকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কে কার ছেলে বা কোন পরিবার থেকে এসেছে, সেটি বিবেচ্য নয়; সৎ ও যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে।”

তিনি বলেন, “খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।”

সমাবেশে সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি দেশের সকল মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এমপি ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনের অভিযোগ থাকা পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদরের বিএনপির বর্তমান সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন।

জুলাই পদযাত্রা ও সমাবেশে এনসিপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন