নিয়মবহির্ভূত সবকিছুই পরিচ্ছন্নতার আওতায় আসবে: কৃষিমন্ত্রী

নিয়মবহির্ভূত সবকিছুই পরিচ্ছন্নতার আওতায় আসবে: কৃষিমন্ত্রী

দেশের প্রতিটি ক্ষেত্রে নিয়মবহির্ভূত অনিয়ম ও অসঙ্গতি দূর করতে পর্যায়ক্রমে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, পরিচ্ছন্নতা বলতে কেবল রাস্তার ময়লা পরিষ্কার বোঝানো হচ্ছে না, বরং যেখানেই নিয়মবহির্ভূত কোনো কিছু থাকবে, সেটিকে সংস্কার বা পরিচ্ছন্ন করার আওতায় আনা হবে। তবে রাতারাতি এই পরিবর্তন আশা করা যায় না।

বিজ্ঞাপন

শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রটোকল অনুযায়ী আমার এই মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে হলেও স্থানীয় মন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তদারকি কমিটির সভাপতি করা হয়েছে। আমার বাড়ি কুমিল্লায় হওয়ায় এখানকার সবকিছু আমার পরিচিত। এখানে যে কিছু অনিয়ম রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যত ধরনের অপরিচ্ছন্নতা বা অনিয়ম রয়েছে, সবকিছুই এই পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আনা হবে। এই কার্যক্রম কেবল ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জাতীয় ও জনগণের প্রয়োজনে এই হাসপাতাল ও কলেজকে একটি সত্যিকারের বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা সবাই মিলে কাজ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান, কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি করপোরেশন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন