আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪

বাগেরহাটের রামপালে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস। বিপরীত দিক থেকে বরযাত্রী নিয়ে মোংলার দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। গাড়ি দুটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৯ জনের লাশ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ। আরেকজন পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।

নিহত কনে মার্জিয়া আক্তার (মিতু)-এর মামা আবু তাহের জানান, খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মার্জিয়ার বিয়ে হয়। পরে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মোংলার শেলাবুনিয়া এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। পথে রামপালের বেলাইব্রিজ এলাকায় দুর্ঘটনায় কনেপক্ষের নববধূ মার্জিয়াসহ তিনজন এবং বরপক্ষের বর সাব্বিরসহ আটজন নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে সাব্বিরের বিয়ে ছিল। দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, ছেলেমেয়ে, নাতি-নাতনি, নববধূ ও তার স্বজন এবং মাইক্রেবাসের চালকসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাটাখালী হাইওয়ে থানার এসআই কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন