ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম বামে যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ডানে। ছবি: আমার দেশ

পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগের পর কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা শাখার অধীন কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর একদিন আগে মঙ্গলবার কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাতে মারধর ও নির্যাতনের অভিযোগ করেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন