জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৬ দিন ধরে অবস্থান করছেন বিএসএফের ঠেলে দেওয়া নারী। এদিকে ওই নারীকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চললেও কবে নাগাদ এর সুরাহা হবে, তা এখনো অনিশ্চিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর-৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান নেন।
এরপর থেকে টানা ছয় দিন ধরে সেখানেই রয়েছেন তিনি। দিনের পর দিন খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাকে। পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছাড়াই এক কাপড়ে দিন পার করছেন ওই নারী। দীর্ঘ সময় ধরে এমন অনিশ্চিত ও অমানবিক পরিস্থিতিতে তার শারীরিক নিরাপত্তা ও মানবিক সুরক্ষা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, একজন নারী এভাবে দিনের পর দিন দুই দেশের সীমান্তের মাঝখানে অবস্থান করলেও দ্রুত সমাধান না হওয়া দুঃখজনক। মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত তার নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ওই নারীকে নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক ও তৎপর থাকবেন।
তবে ছয় দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা ওই নারীর পরিচয়, জাতীয়তা এবং তাকে কোন দেশে গ্রহণ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সমাধান জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

