ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
বাগেরহাটের শরণখোলায় সিডরে ভেঙে যাওয়া উপকূলের বেড়িবাঁধ। ফাইল ছবি

আজ ১৫ নভেম্বর, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের দিন। দিনটি উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম। ১৯ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে তাণ্ডব চালিয়েছিল দানবরূপী সিডর। লন্ডভন্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। ওই রাতের ঝড়-জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে।

ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ধ্বংস করে দেয় উপকূলীয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদিপশু, অবকাঠামোসহ সবকিছু। সরকারি হিসাব অনুযায়ী উপকূলে প্রাণহানি হয়েছিল তিন সহস্রাধিক মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। শুধু এই এক উপজেলাতেই সরকারি হিসাবে প্রাণ হরিয়েছিলেন ৯০৮ জন। তবে শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা মিলিয়ে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরো কয়েকগুণ।

বিজ্ঞাপন

সিডরের ৯ বছর পর বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে নির্মাণ করা হয় ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ। এর মধ্যে বলেশ্বর নদের তীরে শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে মোরেলগঞ্জ উপজেলা সীমানার ফাসিয়াতলা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নির্মিত বাঁধের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) আওতায় ২০১৬ সালের ২৬ জানুয়ারি শুরু হয় এই বাঁধ নির্মাণের কাজ।

সিএইচডব্লিউই নামের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করে। তিন বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে প্রকল্পটি শেষ হতে সময় লাগে প্রায় সাত বছর। কাজ শেষে ২০২৩ সালে ১৪ ডিসেম্বর বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কাছে বাঁধটি হস্তান্তর করে ঠিকাদারি কর্তৃপক্ষ।

কিন্তু হস্তান্তরের তিন বছর যেতে না যেতেই বাঁধটি ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ে। বলেশ্বর নদের তীররক্ষা বাঁধের ২৫ কিলোমিটারের মধ্যে প্রায় ১৩ কিলোমিটার মূল বাঁধে দেখা দিয়েছে ভয়ারবহ ভাঙন।

ঘূর্ণিঝড় সিডরেরশরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, নদীশাসন ছাড়া টেকসই বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। মাটির বদলে নদীর বালু ব্যবহার করা হয়েছে। এতে শুধু বাঁধ উঁচুই হয়েছে, টেকসই হয়নি।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, শরণখোলার বগী এলাকার প্রায় ৫০০ মিটারে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া বাঁধের উপরিভাগের যেসব স্থানে সিসি ব্লক ধসে গেছে, সেসব স্থানের ব্লক প্রতিস্থাপন করা হয়েছে।

এদিকে ,ঘোলার খালের পাড়ে সরকারি জায়গায় নির্মিত ছোট্ট একটি ঘরে বসে ছিলেন ৮০ বছর বয়সি কোমলা গাইন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দুরমুজখালি গ্রামের এই বৃদ্ধা ১৯ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতে ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় তার বসতঘর। রাতারাতি মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আশ্রয় নেন প্রতিবেশীর বারান্দায়। পরে বাবার বাড়িতে ফিরে নদীতে মাছের পোনা ধরে সংসার চালাতে শুরু করেন।

সিডরের পর অভাবের তাড়নায় কাজের সন্ধানে ঘর ছাড়েন কোমলার স্বামী সদেপ গাইন।

এরপর আর ফেরেননি। প্রায় ১২ বছর আগে লোকমুখে স্বামীর মৃত্যুর খবর পেলেও মেলেনি কোনো আনুষ্ঠানিক প্রমাণ। একমাত্র মেয়ে শুনিতার বিয়ে হয়েছে ৯ বছর আগে, তিনি বর্তমানে ভারতে থাকেন। ফলে জীবনের শেষ প্রান্তে এসে খালের পাড়ের ছোট্ট ঘরটিতে একাই কাটে তার নিঃসঙ্গ দিন-রাত।

বয়সের ভার ও কোমরের ব্যথায় কোমলা এখন আর আগের মতো নদীতে নামতে পারেন না। তবু পোনা ধরা ছাড়ার উপায় নেই, কারণ আয় বন্ধ হলে খাবার জোটে না। সামান্য আয়ে ওষুধ কেনার সামর্থ্য থাকে না, তাই অসুস্থ হলে প্রতিবেশীর দয়া কিংবা বিনা চিকিৎসায় ঘরে পড়ে থাকাই তার নিয়তি।

কোমলার আক্ষেপ, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরও পাননি বিধবা ভাতার কার্ড। এমনকি ৮০ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতা। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধাই পৌঁছেনি তার কাছে।

সরকারি নথিতে দুর্যোগের ক্ষয়ক্ষতির হিসাব থাকলেও কোমলা গাইনের মতো আড়ালে থাকা অসংখ্য দুর্গত মানুষের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সামাজিক সুরক্ষার বিষয়টি আজও উপেক্ষিতই রয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...