তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা

তামাক চাষে লাভের অনিশ্চয়তা আর প্রচলিত ফসলের বাইরে নতুন কিছু করার ভাবনা থেকে কমলার বাগান গড়ে তুলেছেন রংপুরের তারাগঞ্জের কৃষক মোখলেসুর রহমান। ক্ষতিকর তামাকের জমিতে চাইনিজ কমলার চাষ করে তিনি এখন বছরে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছেন। মোখলেসুর রহমানের এ অভাবনীয় সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন তামাক ছেড়ে কমলা, মাল্টাসহ বিভিন্ন লেবুজাতীয় ফসলের চাষের দিকে ঝুঁকছেন।

তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান একসময় নিয়মিত তামাক চাষ করতেন। তবে তামাকের ক্ষতিকর দিক ও বিকল্প লাভজনক ফসল উৎপাদনের চিন্তা থেকে তিনি কমলা চাষের ব্যতিক্রমী উদ্যোগ নেন। ২০২০-২১ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়, উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ৩০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে তিনি কমলার চাষ শুরু করেন।

বিজ্ঞাপন

প্রথম পর্যায়ে উপজেলা কৃষি বিভাগ থেকে তাকে ৯০টি কমলার চারা, প্রয়োজনীয় সার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে দেওয়া হয়। কৃষি কর্মকর্তাদের পরামর্শে সেসব চারা রোপণ করে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে তিনি একটি চমৎকার কমলার বাগান গড়ে তোলেন। কয়েক বছরের ব্যবধানে গাছগুলোতে এখন থোকায় থোকায় ফল আসতে শুরু করেছে।

কৃষক মোখলেসুর রহমান জানান, এ পর্যন্ত তিনি তার বাগানের কমলা তিন দফায় বিক্রি করেছেন। প্রতিবারই গড়ে দুই থেকে আড়াই লাখ টাকার কমলা বিক্রি হয়েছে। বাগানের বর্তমান পরিস্থিতি ও ফলের বাম্পার ফলন দেখে চলতি মৌসুমে প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

মোখলেসুরের এ বাগানের চমৎকার ফলন ও ভালো বিক্রির সম্ভাবনা দেখে আশপাশের কৃষকদের মধ্যেও বিকল্প ফল চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে। প্রতিদিন অনেকেই তার কমলা ও মাল্টার বাগান দেখতে আসছেন এবং চাষের বিষয়ে নানামুখী খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় কৃষকদের কাছে মোখলেসুর রহমান এখন বিকল্প লাভজনক কৃষির এক অনন্য অনুপ্রেরণা। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম হাসান বলেন, মোখলেসুর রহমানের কমলার বাগানটি নিয়মিত তদারকি করা হচ্ছে। বর্তমানে বাগানের প্রতিটি গাছে গড়ে ৩০ কেজিরও বেশি কমলা ধরেছে। তারাগঞ্জের স্থানীয় আবহাওয়া ও মাটির গুণগত মান কমলাসহ লেবুজাতীয় ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় ধান ও আলুর মতো প্রচলিত ফসলের পাশাপাশি কৃষকেরা এখন কমলা, মাল্টা ও লেবু চাষে আগ্রহী হচ্ছেন যা স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, উপজেলায় বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান গড়ে উঠেছে। এ ছাড়া ৩৫ হেক্টর জমিতে ১৬০টি মাল্টার বাগান এবং সাত হেক্টর জমিতে লেবুর বাগান রয়েছে। নতুন সফল এসব বাগানের কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন