মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচাশ্বশুর নিহত

মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচাশ্বশুর নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচাশ্বশুর ইলিয়াস হোসেন (৪৫) নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুলপাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নালের ছেলে। পারিবারিক কলহের জেরে ঘটনার দিন সকালে ইলিয়াস হোসেনের বাড়িতে যান সবুজ। পরে কথা কাটাকাটির একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে ইলিয়াসকে আঘাত করে। এতে ইলিয়াস মারা যান।

নিহতের ভাতিজা আব্দুল্লাহ জানান, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকা চেয়ে আমার বোনকে নির্যাতন করতো। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। গতকাল রাতে আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা কাটাকাটির সময় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে। আমি এই খুনির ফাঁসি চাই।”

ঘটনার পরপরই স্থানীয়রা সবুজকে আটক করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম, গাংনী থানার পুলিশ এবং স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে সবুজকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, “খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। ঘাতককে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন