গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও আরিফুর রহমানের সচঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, সরকারি গোয়ালন্দ টেকনক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। এর সেবাকে আরও গতিশীল করা, কর্মকর্তা-কর্মচারীদের কর্মউদ্দীপনা বৃদ্ধি এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় ভাবে ১৯ মে থেকে শুরু হলেও ২০ মে দেশব্যাপী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ পালন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দে ২০ মে থেকে ২২ মে ৩ দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তিন-দিনব্যাপী এই কর্মসূচির আওতায় অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার প্রশিক্ষণ, জনসচেতনতামূলক প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমসহ নানা আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন