আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ছবি: আমার দেশ

বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া আক্তার উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে। সে একই উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী।

বুধবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম পশ্চিম সিংড়া গ্রামে পিত্রালয়ে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। সে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সঙ্গে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের মাত্র ৬ মাস পূর্বে বিবাহ হয়।

ঈদের দাওয়াত খেতে শ্বশুর বাড়ি থেকে গত মঙ্গলবার পিত্রালয় পশ্চিম সিংড়া গ্রামে আসেন সুমাইয়া আক্তার। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে সুমাইয়া আক্তারকে বাড়িতে রেখে মাঠে তার বাবা ধলু মন্ডলের জন্য খাবার নিয়ে যান মা রোজী বেগম।

কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন তার মেয়ে সুমাইয়া শয়ন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...