জুলাই যোদ্ধাদের প্রতিক্রিয়া

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর কারাদণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন শহিদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাসহ সাধারণ মানুষ।

মঙ্গলবার বিকেলে জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ বাবলু ফরাজির ছেলে সুজন মাহমুদ ফরাজি আমার দেশকে বলেন, শহিদ পরিবারের সদস্য হিসেবে এই রায়ে আমরা খুশি নই। আমার বাবাকে যে পুলিশ সদস্য গুলি করল, ঘটনাস্থলে যেসব আওয়ামী গুন্ডারা ছিল তাদের নাম মামলায় নেই।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম তাদের কিছুই হয়নি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগাগোড়ায় আমাদের ঠকিয়েছে।

কুষ্টিয়ার জুলাইযোদ্ধা শোয়েব হাসান রায়ান আমার দেশকে বলেন, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়ে হত্যা মামলা থেকে তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। কিছুদিন জেল খেটে তিনি বের হয়ে যাবেন। এটা জুলাই শহিদদের জন্য অবমাননাকর। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি ইনুর ফাঁসি চাই।

জাতীয় নাগরিক পার্টির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি আমার দেশকে বলেন, ইনুর ১০ বছরের কারাদণ্ডে আমরা খুশি নই। আমরা আশা করেছিলাম, তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের রায় দেবে আদালত।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আশা করি, রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার এবং সেই রায়ে তার সর্বোচ্চ সাজা হবে।

এদিকে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় আমার দেশকে বলেন, এ রায় আমরা প্রত্যাখান করছি। গণমাধ্যমে জাসদের পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সরকারপক্ষ কুষ্টিয়ায় ৬ জনের হত্যাকাণ্ডের সঙ্গে হাসানুল হক ইনুর সামান্যতম সংশ্লিষ্টতাও প্রমাণ করতে পারেনি। জাসদ ইনুর বিরুদ্ধে দেওয়া রাজনৈতিক প্রতিহিংসামূলক রায় প্রত্যাখ্যান করছে।

উল্লেখ্য, জুলাই বিপ্লাবে ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে পুলিশ। তাদের গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ।

একই সঙ্গে আহত হন বহু সাধারণ মানুষ। এই ৬ জনকে হত্যার দায়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রায় ঘোষণা করে আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...