গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। ছবি: আমার দেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের জবাবদিহিতা ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যেই এটির খসড়া প্রস্তুত হবে।

শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করতে পারব। কমিশন গঠিত হলে সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য শক্তিশালী কাঠামো তৈরি হবে। একই সঙ্গে অসৎ সাংবাদিকতার বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও আমার দেশ-এর বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, আজকের পরিবর্তন-এর সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভপিত মো. আল মামুন, একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান সুখেন্দু এদবর, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মামুনর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় তপু, সিনিয়র সাংবাদিক জিয়া উদ্দীন বাবু, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান শাহীন হাসান, দেশ টিভির মাহমুদ শাকিলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। যখনই ধর্ম বিশ্বাসকে, চর্চাকে কোনো মহল সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে ধর্মবান মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।

সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে, সাদা মনের মানুষখ্যাত বিজয় কৃষ্ণ দেসহ পূজা উদযাপন কমিটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন