বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)।

বিজ্ঞাপন

আহতরা হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শান্ত রায় মারা যান। রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাজিদ ও সুনান মাঝী মারা যান।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।

তিন যুবকের মৃত্যুতে দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন