রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া ৩টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ-দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বসির উদ্দিন আহমেদ জানান, দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর সোমবার ভোর পৌনে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে।
নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যানবাহনগুলো দ্রুত পারাপার করা হয়েছে। এখন ঘাট স্বাভাবিক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

