রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর-চারঘাট সড়কে ড্রামট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় বানেশ্বর-চারঘাট সড়কের খবির হাজির পাঁচতলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের শেখ চাঁদের ছেলে মানিক চাঁদ (৬০)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আহত শিবলু হোসেন (২৮) একই গ্রামের বাসিন্দা। তিনি রহিত উল্লাহর ছেলে।
উদ্ধারকারীদের ভাষ্য, একটি ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু হোসেনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

