মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া গ্রামে।

বিজ্ঞাপন

জানা গেছে, কপালভেড়া গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর, রবিন চন্দ্র ও উজ্জ্বল চন্দ্র শীল ৬২ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে বিক্রি করেন। এখান থেকে একই গ্রামের বাসিন্দা মো. মনিরুল ইসলাম তিন ভাইয়ের কাছ থেকে ৪৫ শতাংশ জমি ক্রয় করেন। বাকি ৭ শতাংশ কেনেন আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা ইউসুফ মোল্লার ছেলে মো. মনিরুল ইসলাম। কেনা জমির ভাগবাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন তাদের সঙ্গে বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ইউসুফ মোল্লা তার দলবল নিয়ে রাতের অন্ধকারে একটি ঘর নির্মাণ করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জমির একাংশের মালিক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমি তিন ভাইয়ের জমি কিনেছি। আমার প্রতিপক্ষ ইউসুফ মোল্লা শুধু এক ভাইয়ের ৭ শতাংশ জমি কিনেছেন। আমার জমি বুঝাইয়া না দিয়ে রাতের অন্ধকারে ইউসুফ মোল্লা জমির মাঝখানে একটি ঘর নির্মাণ করেছেন।’

অপর অংশের মো. ইউসুফ মোল্লা বলেন, যে অংশে ঘর উত্তোলন করেছি, ওই জমি দীর্ঘদিন ধরে আমার ভোগদখলে। আমি ৭ শতাংশ জমিতে বালু দিয়ে ভরাট করে ঘর উত্তোলন করেছি। তাদের কেনা জমি পশ্চিম পাশে আছে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, কপালভেড়া গ্রামে জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য দুই পক্ষকে আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন