আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্যামনগরে নির্বাচনি জনসভায় হুমায়ুন কবির

ধানের শীষে ভোট দিলে নারীরা মাসে ২৫০০ টাকা পাবেন

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

ধানের শীষে ভোট দিলে নারীরা মাসে ২৫০০ টাকা পাবেন

ধানের শীষে ভোট দিলে দেশের সাধারণ পরিবারের নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

সোমবার বিকেলে শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মো. মনিরুজ্জামানের পক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

হুমায়ুন কবির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি এই সহায়তা দেওয়া হবে। পরিবারের প্রধান নারী সদস্যরা এই অর্থ পাবেন। তিনি বলেন, এটি কোনো দয়া নয়, এটি নারীদের অধিকার। নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

জনসভায় সভাপতিত্ব করেন ধানের শীষের প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান, মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খান এবং সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

হুমায়ুন কবির আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে শ্যামনগরের হাসপাতাল, রাস্তাঘাট, সুপেয় পানি ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। ডা. মনিরুজ্জামান নির্বাচিত হলে উপকূলীয় এই অঞ্চল আর অবহেলার জায়গা থাকবে না।

ডা. মো. মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, উপকূলীয় শ্যামনগরে আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে নারীর ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে।

তিনি বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করে জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচিত হলে শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং শ্যামনগরকে একটি পরিকল্পিত পর্যটন এলাকায় রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর ভিন্ন মতাদর্শের মানুষের ওপর কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, মন্দির ও প্যাগোডার ধর্মীয় নেতাদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন